
টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের কারণে বিচ্ছিন্ন বনাঞ্চল সংযুক্ত করতে বন বিভাগের উদ্যোগ; নির্মাণ করা হয়েছে পাঁচটি ক্যানোপি করিডোর।
অনলাইন ডেস্ক
টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়ক মধুপুর বনাঞ্চলের মধ্য দিয়ে চলে যাওয়ায় খাদ্য ও আশ্রয়ের সন্ধানে এক বনাঞ্চল থেকে অন্য বনাঞ্চলে যেতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ে বন্যপ্রাণীরা। এ সমস্যা মোকাবিলায় বন বিভাগ নির্মাণ করেছে বিশেষ রোপওয়ে বা ক্যানোপি করিডোর, যা ব্যবহার করে নিরাপদে চলাচল করছে বানরের দল।
বন বিভাগ জানায়, জাতীয় উদ্যান রেঞ্জের আওতায় এখন পর্যন্ত পাঁচটি রোপওয়ে স্থাপন করা হয়েছে। এসব করিডোরের মাধ্যমে বানরসহ গাছে বসবাসকারী বিভিন্ন বন্যপ্রাণী মাটিতে না নেমেই বনাঞ্চলের এক অংশ থেকে অন্য অংশে চলাচল করতে পারছে। ফলে ব্যস্ত মহাসড়ক পার হওয়ার ঝুঁকি অনেকটাই কমেছে।
বিশেষজ্ঞদের মতে, বনাঞ্চলের মাঝ দিয়ে নির্মিত সড়ক বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণে বাধা সৃষ্টি করে এবং দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি বাড়ায়। এ ধরনের ক্যানোপি করিডোর বন্যপ্রাণী সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখে এবং বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক।
বন বিভাগের এই উদ্যোগকে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষ–বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ছবি: ফরেস্ট ডিপার্টমেন্ট