
বাংলাদেশকে প্রযুক্তির কেবল ব্যবহারকারী নয়, বরং বিশ্ব সেমিকন্ডাক্টর ও ফ্রন্টিয়ার প্রযুক্তি খাতের অন্যতম উদ্ভাবক ও প্রস্তুতকারক হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
রোববার (২৬ জুলাই) ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR সামিট ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ২৫ ও ২৬ জুলাই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (BSIA) যৌথভাবে এ আয়োজন করে।
তিনি আরো বলেন, ‘Science to Economy: Building a Market-Linked, Innovation-Driven Bangladesh’ কৌশলগত দর্শনের মাধ্যমে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে বাংলাদেশকে বিশ্বমানের প্রযুক্তি উদ্ভাবন ও সেমিকন্ডাক্টর শিল্পে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে কাজ করছে মন্ত্রণালয়।
এ সময় তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে চারটি কৌশলগত স্তম্ভকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলো হলো— STEM শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন, Research to Market (R2M), Innovation to Market (I2M) এবং ফ্রন্টিয়ার টেকনোলজি। ফ্রন্টিয়ার প্রযুক্তির আওতায় সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বায়োটেকনোলজি, রোবোটিক্স, স্পেস টেকনোলজি ও কোয়ান্টাম প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
মো. আনোয়ার হোসেন বলেন, সামিটের সুপারিশের ভিত্তিতে অ্যাকাডেমিয়া, শিল্পখাত ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বয়ে সেমিকন্ডাক্টর এবং ডিপ-টেক ইকোসিস্টেম শক্তিশালী করতে একটি বাস্তবমুখী জাতীয় রোডম্যাপ প্রণয়ন করা হবে। পাশাপাশি ন্যাশনাল বায়োটেক পার্ক ও ন্যাশনাল AI ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
তিনি প্রযুক্তি খাতে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও বিজ্ঞানভিত্তিক উন্নয়নে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও অংশীদারদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যৎ-প্রস্তুত, উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (BSIA) সভাপতি এম এ জব্বার বক্তব্য দেন।
দুই দিনব্যাপী এ সামিটে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদ, গবেষক, শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা, তরুণ উদ্ভাবক, বিনিয়োগকারী এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন।