
ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে ‘অউইক্লি’ টাইপ ১ ও টাইপ ২। প্রতিদিন নেওয়ার ঝক্কি নেই, সপ্তাহে একদিন নিলেই স্বাভাবিক থাকবে রক্তে শর্করা।
ডেনমার্কের সংস্থা ‘নোভো নরডিস্ক’ দ্বারা নির্মিত এ ইনসুলিন নিলে প্রতিদিন ইনসুলিন নেওয়ার যন্ত্রণা অনেকটাই কমবে ডায়াবেটিস রোগীদের। পুরো সপ্তাহজুড়ে ইনসুলিনের ডোজ এবার নেওয়া যাবে একদিনেই। ‘অউইক্লি’-এর একটি সাপ্তাহিক ডোজ সপ্তাহজুড়ে ইনসুলিনের একটি সুষম ও ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করবে, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।
নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে নোভো নরডিস্ক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিক্রান্ত শ্রোত্রিয় জানিয়েছেন, ‘অউইক্লি’ ইনসুলিনের সাপ্তাহিক ৭০ ইউনিটের ডোজের দাম পড়বে ২৬১ টাকা। জানা গেছে, এ ইনসুলিন দুটি সংস্করণে পাওয়া যাবে— ১ মিলিলিটার (৭০০ ইউনিট) প্রি-ফিল্ড পেন, যার দাম দুই হাজার ৬১১ টাকা এবং ৩ মিলিলিটার (২১০০ ইউনিট) পেন, যার দাম সাত হাজার ৮৩৩ টাকা। তিনি বলেন, ‘অউইক্লি’ ডায়াবেটিস রোগীদের ইনসুলিন বাবদ খরচ অনেকটাই কমাতে পারবে।