
পেশাদারদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন। মোটকথা, একজন পেশাজীবীর চাকরি খোঁজা, নিয়োগ, প্রস্তুতি, অভিজ্ঞতা বিনিময়সহ সব সুবিধাই মিলবে এই অনলাইন প্ল্যাটফর্মে।
যাঁদের দক্ষতা ও অভিজ্ঞতা আছে তাঁরা চাইলে নিজেকে ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে পারেন লিংকডইন প্রোফাইলের মাধ্যমে। প্রোফাইল ভারী থাকলে আবেদন না করেও চাকরি পাচ্ছেন অনেকে। অনেক সময় নিয়োগদাতা প্রতিষ্ঠান বা কর্তা্ব্যক্তিরা তাঁদের চাহিদা অনুযায়ী কর্মী খোঁজ করেন লিংকডইনে। যাঁদের প্রোফাইল দেখে উপযুক্ত মনে করেন তাঁদের সঙ্গে নিজে থেকেই যোগাযোগ করেন।
এরপর অনলাইন সাক্ষাৎ বা আলোচনার মাধ্যমে নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেন। অনেকে লিংকডইন খোলেন, কিন্তু প্রোফাইল সমৃদ্ধ কিংবা হালনাগাদ করেন না। ফলে চাকরির সুযোগ হাতছাড়া করছেন।
কেমন হবে প্রোফাইল ছবি
লিংকডইনে প্রোফাইলের ছবি দেখেই মানুষ আপনার সম্পর্কে প্রাথমিক ধারণা পাবে।
ছবিটি যেন সাম্প্রতিক সময়ের হয়। বাস্তব চেহারার সঙ্গেও মিল থাকতে হবে। মুখ যেন ছবির প্রায় ৬০ শতাংশ জায়গাজুড়ে থাকে। দূর থেকে তোলা কিংবা অস্পষ্ট ছবি এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রের উপযোগী পোশাক পরে হাসিমুখে ছবি তুলুন।
হেডলাইনে শুধু পদবি নয়
প্রোফাইলের শীর্ষে থাকা বিবরণ শুধু চাকরির পদবি হতেই হবে, এমন কোনো নিয়ম নেই। এই জায়গায় লিখুন—আপনি নিজের কাজকে কিভাবে দেখেন, কেন এই কাজ করেন এবং কোন কোন বিষয় আপনাকে অনুপ্রাণিত করে। লিংকডইনে যাঁদের প্রোফাইল ভারী, অর্থাৎ যাঁরা সক্রিয় ও দক্ষ, তাঁদের হেডলাইন দেখেও ধারণা নিতে পারেন।
নিজের সম্পর্কে লিখুন
‘অ্যাবাউট’ সেকশন অবশ্যই পূরণ করতে হবে। অনেকেই এই অংশ খালি রাখেন। এটি শুধু দক্ষতা বা পদবির তালিকা নয়, বরং নিজের সম্পর্কে বলার জায়গা। কেন এই দক্ষতাগুলো গুরুত্বপূর্ণ এবং সহকর্মী বা ক্লায়েন্টদের জন্য তা কী পার্থক্য তৈরি করে—তা তুলে ধরুন। প্রয়োজনে কয়েকবার খসড়া তৈরি করুন এবং পরিচিতজনদের মতামত নিন। চাইলে এআই ব্যবহার করেও অ্যাবাউট সেকশন সম্পাদনা ও সমৃদ্ধ করতে পারেন।
নেটওয়ার্ক সম্প্রসারণ করুন
কোনো পেশাজীবীর সঙ্গে নতুন পরিচয় হলে কিংবা কোনো বৈঠক বা আলোচনার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের লিংকডইনে যুক্ত হওয়ার অনুরোধ পাঠাতে পারেন। এভাবে আপনার নেটওয়ার্কের পরিধি বাড়বে। তাঁদের সঙ্গে কথোপকথন শুরুর আগে ভেবে নিন, নিজেকে কিভাবে উপস্থাপন করতে চান, কী শেয়ার করতে চান এবং কী অর্জন করতে চান। কারো প্রোফাইল আগে থেকে দেখে নিলে সাধারণ আগ্রহের জায়গা চিহ্নিত করা সহজ হবে।
প্রাসঙ্গিক দক্ষতা যুক্ত করুন
দক্ষতার তালিকা থেকে নিজের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়গুলো বেছে নিন। এর ফলে হেডলাইন ও অ্যাবাউট সেকশনের বিবরণ আরো জোরালো হয়। অন্যরাও সহজেই আপনার দক্ষতা সম্পর্কে অবহিত হতে পারবে। তবে অপ্রাসঙ্গিক দক্ষতা দিয়ে তালিকা দীর্ঘ না করাই ভালো। তাই মাঝেমধ্যে তালিকাটি ঝালিয়ে নিন। যাঁদের প্রোফাইলে পাঁচ বা তার বেশি দক্ষতা যুক্ত থাকে, তাঁরা বিভিন্ন পেশাজীবীর কাছ থেকে তুলনামূলক বেশি যুক্ত হওয়ার রিকোয়েস্ট বা অনুরোধ পান।
সুপারিশের অনুরোধ
রেকমেন্ডেশন বা সুপারিশ হলো আপনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরা ব্যক্তিগত প্রশংসাপত্র। প্রোফাইলের রেকমেন্ডেশন সেকশনে থাকা মেন্যু থেকে সহজেই নির্দিষ্ট পরিচিতজনের কাছে সুপারিশের জন্য অনুরোধ পাঠানো যায়। কার কাছ থেকে সুপারিশ পেলে ভালো হবে, ভেবে দেখুন। তাই এই সুবিধাটি লুফে নিন।
সনদ ও যোগ্যতা তুলে ধরুন
সার্টিফিকেট যুক্ত করে নিজের জ্ঞান ও পেশাগত অর্জন তুলে ধরা যায়। ‘এড প্রোফাইল সেকশন’ বাটনে ক্লিক করে, ‘রেকমেন্ডেড’ অংশে গিয়ে ‘এড লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশনস’ নির্বাচন করলেই এটি যুক্ত করা যায়। লিংকডইন লার্নিংয়ের কোনো কোর্স শেষ করলে সেই সার্টিফিকেটও প্রোফাইলে যুক্ত করা যায়। চাইলে পেশাজীবী নেটওয়ার্কেও জানানো যায়।
প্রকল্প ও প্রকাশনার তথ্য যুক্ত করুন
‘এড প্রোফাইল সেকশন’ বাটনের মাধ্যমেই নিজের করা কোনো প্রকল্প, পেটেন্ট বা প্রকাশনার তথ্য থাকলে যুক্ত করা যায়। এটি প্রোফাইলে বাড়তি একটি মাত্রা যোগ করবে এবং আপনাকে অন্যদের চেয়ে কিছুটা হলেও আলাদা করবে।
প্রাসঙ্গিক কনটেন্ট শেয়ার করুন
শুধু পেশাজীবী নেটওয়ার্কে যুক্ত থাকাটাই যথেষ্ট না। সেই নেটওয়ার্কে সক্রিয় ভূমিকা রাখাটাও জরুরি। এ জন্য নিয়মিত লিংকডইনের ফিডে চোখ রাখুন। নিজের আগ্রহের সঙ্গে সংগতিপূর্ণ—এমন বিষয়ে কনটেন্ট পোস্ট, শেয়ার কিংবা মন্তব্য করতে পারেন।
শীর্ষ কর্তাদের অনুসরণ করুন
নিজের সেক্টর বা পেশার শীর্ষ কর্তাদের অনুসরণ (ফলো) করুন। তাহলে নিউজ ফিডে তাঁদের প্রোফাইল থেকে পোস্ট করা প্রয়োজনীয় কনটেন্ট বা তথ্য নিয়মিত দেখতে পাবেন। আপনার আগ্রহের সঙ্গে সংগতিপূর্ণ তথ্য বা কনটেন্ট চাইলে শেয়ারও দিতে পারেন। তাহলে আপনার আগ্রহের বিষয়গুলো সম্পর্কেও অন্যরা জানতে পারবেন।