বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রায়েরবাজারে জুলাই শহীদদের গণকবরে মোনাজাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন ফরহাদ।
ডাকসু নির্বাচনে অধিকাংশ পদে বিজয়ের পর ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে তারা রায়েরবাজারে একাত্তরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করেন। এর আগে তারা জুলাই শহীদদের গণকবরেও মোনাজাতে অংশ নেন।
হিজাব স্লোগানকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের বিষয়ে ফরহাদ বলেন, “ফল ঘোষণার দিন সকালে ব্যক্তির প্রেক্ষাপট অনুযায়ী স্লোগান দেওয়া হয়েছিল। সাবিকুন নাহার তামান্নার ক্ষেত্রে বিষয়টি (হিজাব নিয়ে স্লোগান) আসে, কারণ চারুকলায় তার ছবিতে শিং এঁকে হিজাব বিকৃত করা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে একটি প্রতিবাদী কণ্ঠস্বর তোলা হয়েছিল—যে বিশ্ববিদ্যালয়ে হিজাবফোবিয়া চলতে পারে না।”
তিনি আরও বলেন, “কেউ যদি বিশ্ববিদ্যালয়ে হিজাব পরতে চান, তবে তাকে পেছন থেকে গোপনে ছবি বিকৃত করে হেনস্থা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীরা সেই নির্দিষ্ট ইস্যুতে প্রতিবাদ জানিয়েছেন। সবকিছু জানা সত্ত্বেও বিদেশি মিডিয়া বিষয়টিকে যেভাবে উপস্থাপন করেছে, তা তাদের নিজস্ব এজেন্ডা। তবে আমাদের দেশের মিডিয়া ভাইয়েরা সত্য ঘটনাই উপস্থাপন করেছেন।”