
নুসরাত জাহান, বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করার লক্ষ্যে আজ রবিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সালসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন। তাদের চোখেমুখে ছিল নতুন একাডেমিক জীবনের স্বপ্ন ও প্রত্যাশার ছাপ। সম্ভাবনাময় এই নবীনদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন— নবাগত শিক্ষার্থীরা যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তাদের উদ্দেশে আমি বলতে চাই—বরিশাল বিশ্ববিদ্যালয় একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের যেমন ভালো দিক রয়েছে, তেমনি কিছু অন্ধকার দিকও থাকে। আমি চাই না আপনারা কোনোভাবেই সেই অন্ধকার দিকের দিকে ধাবিত হন। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্লাব রয়েছে; আপনারা এসব ক্লাবে যুক্ত হবেন। ক্লাব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আপনারা মানসিক ও মননশীল উন্নতি লাভ করতে পারবেন। একপর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ শিক্ষার্থীদের বিভিন্ন বৈচিত্র্যময় উদাহরণ দিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সকালে অনুষ্ঠানটি নবীনদের বরণের মধ্য দিয়ে শুরু হলেও বিকেলে বর্ণাঢ্য আলোকসজ্জা সমেত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজনে উপস্থিত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থী অর্পিতা দেবনাথ তার অনুভূতি ব্যক্ত করে বলেন— আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি আয়োজনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়, যেটি আমাদের জন্য প্রথম এবং অন্যরকম অনুভূতি, এর আগে আমরা এভাবে নবীন বরণ পাইনি। আমাদের জন্য মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, আমরা আনন্দের সাথে উপভোগ করেছি।
একই বিভাগের শিক্ষার্থী মোসা: ফাতেমা আক্তার তোয়া বলেন— নবীন বরণ প্রতিটি শিক্ষার্থীর জন্য একটু বেশি আবেগের হয় সেই জায়গা থেকে অনেক ভালো লাগছে একজন নবীন হিসেবে। আর কর্তৃপক্ষের এমন আয়োজন সত্যি মুগ্ধ করেছে আমাদের।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের এমন আয়োজনে নবীন শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।