রাজশাহীর পবা উপজেলার পারিলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় দুই চোরকে গ্রেপ্তার করেছে আরএমপির পবা থানা পুলিশ।
স্থানীয়দের সহায়তায় গত (১৪ জুন) এ অভিযান পরিচালিত হয়। ১৫ জুন, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মাড়িয়া খড়খড়ি এলাকার মুকুল হোসেন (৩৪) এবং নোয়াখালীর আশরাফ (৩৮)। তারা ঘোরাঘুরির কথা বলে রিকশা ভাড়া নিয়ে চালক আনারুল ইসলামকে ফাঁদে ফেলে পারিলা এলাকায় রিকশা চুরি করে পালানোর চেষ্টা করে। চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এবং রিকশাটি উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে। জানা গেছে, মুকুল হোসেনের বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।