নারায়ণগঞ্জের ফতুল্লায় জমে থাকা পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মা ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের করুণ মৃত্যু হয়েছে। শনিবার, ৩০ আগস্ট ২০২৫, সন্ধ্যায় ফতুল্লার শেহারচর বড় বাড়ি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোছাঃ রোকসানা পারভীন (৫৩) এবং তার মেয়ে লামিয়া আক্তার (২৩)। লামিয়া স্থানীয় সরকারি তোলারাম কলেজে স্নাতক শ্রেণীর ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে তাদের বাড়ির পেছনে পানি জমে যায়। শনিবার সন্ধ্যায় রোকসানা পারভীন বৈদ্যুতিক পাম্প দিয়ে সেই পানি সেচ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে মেয়ে লামিয়া তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।