
রাজ হাওলাদার মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদী এবং চট্টগ্রাম-০৮ আসনের বিএনপি মনোনীত পদপ্রার্থী এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মোংলায় তীব্র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (আজ) সকাল ১০:৩০ মিনিটে মোংলা পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে মোংলা পৌরসভার সামনে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি মোংলা পৌর চত্বর থেকে শুরু হয় এবং মোংলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমবেত হয়। এসময় নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “দেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে রুদ্ধ করতেই সরকারদলীয় সন্ত্রাসীরা এমন কাপুরুষোচিত হামলা চালিয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনে বাধা সৃষ্টি করার এই অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে।”
বক্তারা বলেন,
দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী পরিবেশকে সহিংস করে তোলা হচ্ছে। বিরোধীদলের প্রার্থীরা তাদের ন্যায্য অধিকারটুকুও প্রয়োগ করতে পারছেন না। অবিলম্বে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং এই হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।”
আমরা স্পষ্ট করে বলতে চাই, হামলা করে, মামলা দিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না। এই জুলুমের বিরুদ্ধে মোংলার জনগণ জেগে উঠেছে। যদি অবিলম্বে এই সন্ত্রাসের রাজনীতি বন্ধ না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।”
“শরিফ ওসমান হাদী এবং এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনা প্রমাণ করে, দেশে এখনো সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নেই। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাই, তারা যেন এই সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেন এবং সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক প্যানেল মেয়র আলাউদ্দিন কমিশনার, ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আ: সালাম ব্যাপারি, চাঁদপাই ইউনিয়নের ৭ নং বিএনপি সভাপতি নজরুল ইসলাম, যুবদল নেতা বাপ্পা রাজ, যুবদল নেতা টুটুল, মহিলা নেত্রী বেবি কমলা সহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।